আমার সারাজীবনই কমিক তৈরির আকাঙ্ক্ষা ছিলো। কৃত্রিম বুদ্ধিমত্তা আসার পরে আমার সেই সুপ্ত আকাঙ্ক্ষা একে একে আলোর মুখ দেখতে শুরু করেছে। ২০২৩-এর ডিসেম্বরে Stable Diffusion দিয়ে লোকালি ছবি কিংবা ছবির টুকরা জেনারেট করে করে প্রথম বাংলা কমিকটা তৈরি করেছিলাম। যা প্রকাশ করেছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করা আমার প্রথম ওয়েব-কমিক (বাংলায়)।
তার পর অনেকটা সময় পেরিয়ে গেছে। এআই-ও এগিয়ে গেছে অনেক অনেকখানি। কিন্তু আমি আমার শখের জন্য তো আর অর্থ ব্যয় করতে চাই না। তাই ফ্রি টুল দিয়েই কাজ সারি। অনেক বছর থেকেই একটা স্ক্রিপ্ট মাথায় ঘুরছিলো; মূলত মুনতাসীর মামুন-এর “ঢাকাই মসলিন” বইটি পড়ার পর থেকেই আমার এটা নিয়ে লিখবার আগ্রহ। তা-ই পূর্ণতা পায় আমার দ্বিতীয় কমিকে। ২০২৫-এর নভেম্বরে আমার জন্ম তারিখকে স্মৃতিবিজড়িত করতে প্রকাশ করি দ্বিতীয় কমিক:
মসলিন বিলুপ্তির আসল কারণ — ইতিহাসের ভিন্ন পাঠ
ঢাকাই মসলিন ছিলো বাংলার এক অনন্য ঐতিহ্য। কিন্তু ব্রিটিশদের লোভ আর শোষণে এই ঐতিহ্য চিরতরে বিলুপ্ত হয়ে যায়। কিন্তু এর পিছনে যে আরো একটা অজানা অধ্যায় লুকিয়ে ছিলো— তা হয়তো অনেকে জানেন না।
মুনতাসীর মামুন স্যারের লেখা থেকে ইতিহাস নিলেও কাহিনী আর প্লট তৈরি করি আমিই, অল্পবিস্তর এআই’র সহায়তা নিয়েছি। কাহিনী তৈরিতে পত্রপত্রিকায় প্রকাশিত তথ্যও সংগ্রহ করি। সবশেষে এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং, প্যানেল পরিকল্পনা, এআই দিয়ে ছবি তৈরি, ছবি সম্পাদনা— এই যাবতীয় কাজ করতে চলে যায় ঢের সময়। একটা ছোট্ট খুঁত হয়তো রেখে দিয়েছে এআই, সেটা ঠিক করতে চলে গেছে আমার অনেকক্ষণ।
তার সাথে আরেকটা কাজও করতে হচ্ছিলো আমার— কমিকগুলো পড়ার জন্য একটা উপযুক্ত পরিবেশ তৈরির উদ্যোগ নিয়েছিলাম। যাতে আমি বেঁচে না থাকলেও কেউ কমিকগুলো পড়তে পারেন— উপকৃত হতে পারেন। আমার Github-এ একটা Repository খুলে কমিকগুলো প্রকাশ করলাম, আর সাথে, পাতা উল্টে উল্টে পড়ার উপযোগী একটা Ebook Reader লাগিয়ে দিলাম। পাশাপাশি খানিকটা ব্র্যান্ডিং করবারও দরকার পড়ে গেলো।
আমার এককভাবে লেখা, তৈরি করা কমিকগুলো বিনামূল্যেই পড়া যাবে এই ঠিকানায়:
https://mayeenulislam.github.io/comics/
– মঈনুল ইসলাম

