চোখে গান্ধী পোকার আক্রমণ

১৮ ডিসেম্বর ২০২৪

আমরা তিনজন সহকর্মী হেঁটে যাচ্ছিলাম। আচমকা একটা গান্ধী পোকা (stink bug) উড়ে এসে সোজা আমার চোখে পড়লো। চোখে চশমা ছিলো, মুখে মাস্ক ছিলো, তবু সে ঠিক চোখ বরাবর অ্যাটাক করলো। ২ সেকেন্ডের ঘটনা…

আমার instinct আমার হাতটাকে দ্রুত চোখে নিয়ে গেলো, কিন্তু চশমার কারণে পোকা অবধি পৌঁছাতে পারলো না হাত। সে পা নেড়ে বসছে আমি টের পাচ্ছি, আমি দ্রুত চশমা খুলে পোকাটাকে হাত দিয়ে ঝেড়ে ফেলে দিলাম। কিন্তু ততক্ষণে সে যা করার করে ফেলেছে: তার উৎপাদিত তরল তেল— যা একই সাথে বিদঘুটে দুর্গন্ধের আর বিষাক্ত— আমার চোখে ছেড়ে দিয়েছে।

আমার সহকর্মী আমাকে তাড়াতাড়ি চোখে পানি দিতে বলায় দ্রুত মসজিদের ওযুখানায় ঢুকে অনবরত চোখে পানি দিতে থাকলাম। পানি দেয়ায় একটু স্বস্থি হলো; কিন্তু ততক্ষণে চোখে Keratitis হয়ে গেছে— অনবরত পানি পড়ছে; চোখের পানির সাথে নাকের পানিও পড়া শুরু…।

অফিস আর করতে পারিনি। ভেজা টিস্যু দিয়ে অনবরত চোখ মুছেই চলেছি। বাসায় আগেভাগে এসে একটু ঘুমিয়েছি ইচ্ছে করে— যদি চোখটা সুস্থ হয়…

হয়নি।

ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার একটা ড্রপ দিয়ে চোখ থেকে কিছু ময়লা পরিষ্কার করে দেয়াতে খোঁচানোটা বন্ধ হয়েছে। ড্রপ দিয়ে যেতে হবে ১৫ দিন। তবে এখন কিছুটা আরাম হয়েছে আলহ্বামদুলিল্লাহ।

পোকাটা আমার পাশের সহকর্মীর কপালেও লেগেছে— উনার কপালে দুই জায়গা ফুলে গেছে। বুঝলাম, এরা কোনো কারণে খুব মারমুখি ভঙ্গিতে ছিলো— আমরা দুজন তার/তাদের বলি হয়েছি আরকি।

তবে এই ঘটনায় গান্ধী পোকা সম্বন্ধে কিছু তথ্য জানা হলো:

  • এরা ফসলের ক্ষতি করে + এদের নিয়ন্ত্রণের কোনো নির্ধারিত পদ্ধতি নেই
  • এরা উড়াউড়িতে একটু অদক্ষ— এখানে-ওখানে ধাক্কা খায় (টক্কর দেয়ার জায়গা পাইছে আমার চোখে 😤)
  • এরা নাকি মানুষের জন্য ক্ষতিকর না (খালি একটু তেল ঢেলে দেয় 😡)
  • এরা নাকি এশিয়া থেকে আমেরিকাতে ভুলবশত চলে গেছে

১৯ ডিসেম্বর ২০২৪

পরদিন সকালে ঘুম থেকে উঠে চোখে বেশ জ্বালা করতে থাকলো। চোখ লাল হয়ে গেলো।

আর দেরি করা যাবে না। ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কিন্তু আমার এলাকায় ডাক্তার আসেন রাতে। অতক্ষণ অপেক্ষা করা উচিত হবে না।

চলে গেলাম উত্তরায় মক্কা হাসপাতালে। সেখানে সবার মতো লাইনে দাঁড়িয়ে গেলাম সিরিয়াল নেবার জন‍্য। কিন্তু আমার বিস্তারিত শুনে আমাকে পাশেই উনাদের আরেকটা বিল্ডিং-এ ইমার্জেন্সিতে যেতে বললেন।

ইমার্জেন্সিতে টিকেট কেটে অল্প সময়েই একজন ডাক্তারের পরামর্শে চোখ পরিষ্কার করার ব‍্যবস্থা হলো। চোখ পরিষ্কার করে দেয়ার পরে জানতে চাইলাম কী ছিলো চোখে। বললেন, চোখের ভিতরে ময়লা রয়ে গেছিলো। ওয়াশ করার পরে ঔষধ দিয়ে দিলেন।

সেদিন বিকেল থেকেই চোখের উন্নতি হতে শুরু করলো ইনশাআল্লাহ।

পরে, ধীরে ধীরে ভালো হয়ে গেছে আলহ্বামদুলিল্লাহ।

– মঈনুল ইসলাম

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না

আপনি এই HTML ট্যাগ এবং মার্কআপগুলো ব্যবহার করতে পারেন: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*