ইসলামে কুকুরের মতো উপকারী প্রাণীকে কেন এতো দূরে দূরে রাখা, আর বিড়ালকে কেন এতো কাছে ঘেষতে দেয়া— এই বিষয়টা নিয়ে আমি অনেক ভাবতাম…
গত কিছুদিন আগে কুকুরের একটা অভ্যাসের কথা শুনি:
কুকুর নাকি তার নিজের বমি আবার নিজে চেটে খায়।
স্বাভাবিকভাবে বিশ্বাস করিনি। যাচাই করেছি।
কিন্তু, আসলেই কুকুরের, নিজের বমি খাওয়া খুবই সাধারণ বিষয়। তাদের খাবারের অপচনশীল অংশ তারা আবার খেতে আগ্রহবোধ করে, তাছাড়া অনেক সময় বমি করে খাবার নরম করে বাচ্চাদের খেতে দেয়।
যদিও ধর্মীয় পবিত্রতার সাথে বিজ্ঞানকে মেলানো অবান্তর। তবু এক্ষেত্রে দুটো মিলে যায় বলে উল্লেখ করছি: এর বিজ্ঞানসম্মত ভিত্তিও বেশ মজবুত:
বিজ্ঞান: কুকুর
কুকুরের লালায় মারাত্মক জলাতঙ্কের জীবাণু থাকে, Toxocara canis (একধরনের কৃমি), Capnocytophaga ব্যাক্টেরিয়া, Salmonella, Leptospira ইত্যাদি জীবাণু থাকে— যার অধিকাংশ, কুকুর চেটে দিলে মানুষকে সংক্রমিত করে
বিজ্ঞান: বিড়াল
বিড়ালের পায়খানায় Toxoplasma gondii নামক পরজীবী থাকে; বিড়ালের ত্বকে Ringworm (Dermatophytosis) থাকলে (লোম পড়ে যাচ্ছে দেখা যায়) তা মানুষের ত্বকে ছড়াতে পারে; এছাড়া বিড়ালের আঁচড়ে bartonella henselae ব্যাক্টেরিয়া ছড়াতে পারে
ইসলাম
- কুকুর যে পাত্রে মুখ দিয়েছে তা ৭বার ধুতে বলা হয়েছে, তার মধ্যে ১ম বার মাটি দিয়ে ধুতে হবে। (সহীহ মুসলিম:كتاب الطهارة: ২৭৯)
- শিকার, গবাদি পশু বা জমি পাহারার কুকুর ছাড়া ইসলামে কুকুর পোষাকে নিরুৎসাহিত করা হয়েছে। (সহীহ বুখারি:كتاب بدء الخلق: ৩৩২৪)
- বিড়াল অপবিত্র নয়— মানুষের মাঝেই বিচরণ করে। (সুনানে আবু দাউদ: كتاب الطهارة: ৭৫)
মোদ্দা কথা, কুকুরের সংস্পর্শে ধর্মীয় পবিত্রতা বিনষ্টের পাশাপাশি অপরিচ্ছন্নতায় আক্রান্ত হওয়া (তারপর রোগাক্রান্ত হওয়াটা) খুবই স্বাভাবিক এবং সহজ— তাই কুকুরকে একটু দূরেই রাখা হয়েছে। অন্যদিকে বিড়ালকে অপবিত্র গণ্য করা হয়নি ধর্মে, আর কিছু সতর্কতা অবলম্বন করলে বিড়াল থেকে অপরিচ্ছন্ন হবার সম্ভাবনা যথেষ্ট কম। Science সাময়িকীর এই ভিডিওটাতে দেখবেন বিড়াল কিভাবে নিজেকেই জীবাণু থেকে সুরক্ষিত রাখে।
…তাহলে?
তাই বলে ইসলামে কুকুরকে অবজ্ঞা কিংবা ঘৃণা করতে বলা হয়নি।
জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর
স্বামী বিবেকানন্দ
- কুকুরকে পানি পান করানোয় এক নারীকে আল্লাহ স্বর্গের (জান্নাতের) প্রতিশ্রুতি দিয়েছেন (সহিহ মুসলিম:كتاب السلام: ২২৪৪)
- জীবন্ত প্রতিটা প্রাণীর প্রতি ভালো আচরণ পূণ্যের (সওয়াবের) কারণ (সহিহ মুসলিম: كتاب السلام: ২২৪৪)
আজকে একটা আহত কুকুরকে রাস্তায় দেখে খুব কষ্ট হয়েছে।
নামাজ থেকে বেরিয়ে কুকুরটাকে আর দেখতে পাইনি, নাহলে অবশ্যই ডাক্তারের খোঁজ করতাম।
আল্লাহ তার সহায় হোন।
– মঈনুল ইসলাম